রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোলাম সারোয়ার পিন্টু (৪৪) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার রাতে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চারটি হত্যাসহ পাঁচটি মামলার এজাহারে পিন্টুর নাম রয়েছে। তিনি বাড্ডা থানা শ্রমিক লীগের সহসভাপতি।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১৯ ও ২০ জুলাই এবং ৫ আগস্ট বাড্ডা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হত্যাকা-ের ঘটনায় হওয়া মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেপ্তার করা হয়। গত ২০ ও ২১ আগস্ট হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় বাড্ডা থানায় দুটি মামলা করা হয়। পরে ১ ও ২৯ সেপ্টেম্বর সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় বাড্ডা থানায় আরও দুটি মামলা হয়। এ ছাড়া গত ৮ সেপ্টেম্বর রুবেল মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় আরও একটি হত্যাচেষ্টার মামলা করেন। সবগুলো মামলাতেই পিন্টু এজাহারভুক্ত আসামি।
