ফেনীতে ৪ আগস্ট গণহত্যার অন্যতম সহযোগী বলে অভিযোগ এনে জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র সমাজ।
রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। কিন্তু ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বিজিবি উপস্থিত থেকেও কোনো সহযোগিতা করেননি। তাই তারা ওই গণহত্যার সহযোগী হিসেবে জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবি করেন।
মানববন্ধনে কলেজ ছাত্র রফিকুল ইসলাম রাতুল, রেদোয়ানুল ইসলাম, শাহরিয়ার সোহান ও অন্তু বক্তব্য রাখেন।
আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে বিপ্লবী ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, জেলা প্রশাসককে অপসারণের পাশাপাশি আইন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্ট হাসিনার দালালদের অপসারণ করে বিচার, আওয়ামী লীগকে যারা পুর্নবাসনের চেষ্টা করছে তাদের এবং অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
মানববন্ধন শেষে তারা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
