নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে

আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় ফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ ভেন্যু আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। নারী বিশ্বকাপের নবম আসরের ফাইনালে আজ দুবাইতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আজ যেই জিতুক নারী ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে।

নারী ক্রিকেটে নিউজিল্যান্ড শক্তিশালী দল। ২০০০ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে কিউই নারীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুবার (২০০৯, ২০১০) রানার্সআপ হয়েছে।

দক্ষিণ আফ্রিকা নারী দল গেল টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফাইনাল খেলেছে। সেবার তরা ১৯ রানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। দক্ষিণ আফ্রিকার পুরুষ বা নারী কোনো ক্রিকেট দলই এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। আজ প্রোটিয়া নারীরা জিতলে নতুন ইতিহাস গড়বে তারা।

নিউজিল্যান্ড এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। এবার সেমিতে যেন সেই হারের প্রতিশোধই নিয়েছে নিউজিল্যান্ড।

এবার নিউজিল্যান্ড সেমিফাইনালে উইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালে ওঠে। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হারায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াকে।

ফাইনালে থাকছে ব্যক্তিগত লড়াইও। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ৫ ইনিংসে ১৯০ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহক। ১৭০ রান নিয়ে দুইয়ে আছেন তাজমিন ব্রিটস। এদিকে নিউজিল্যান্ডের অলরাউন্ডার এমেলিয়া কের ১২ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। ১০ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার ম্লাবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত