ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য আছে : দুদু

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ এএম

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ফ্যাসিবাদের প্রধান যিনি ছিলেন তিনি হলেন শেখ হাসিনা। তিনি পালিয়েছেন, তার মন্ত্রী, সংসদ সদস্যরা পালিয়েছেন। তার কর্মীরা যারা প্রশাসনে ছিলেন তারা সেভাবে আছেন। সচিবরা সেভাবে আছেন। আমার দেখা মতে দুদকেও কোনো পরিবর্তন হয়নি। আগের সরকার এবং বর্তমান সরকারের মধ্যে একটা পার্থক্য থাকতে হবে। ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে।’

গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন, নাগরিক ভাবনা, জাতীয় সংলাপ শীর্ষক আলোচনা সভায় দুদু এ কথা বলেন।

দুদু বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেট আগেটাই আছে। তারা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করছে। তাহলে পরিবর্তন হলো কোথায়? এই সিন্ডিকেট ভাঙতে হবে। এখানে কোনো সিন্ডিকেট থাকা যাবে না। এ সরকারকে সমর্থন দিয়েছি ভালো কাজ করার জন্য। একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, যেখানে যা সংস্কার করা দরকার করতে হবে। তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তার মানে এই নয় কালই নির্বাচন দিতে হবে। কিন্তু নির্দিষ্টকরণ করতে হবে। যে কারণে আমরা নির্বাচনের রোডম্যাপের কথা বলেছি।’

অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলগুলোকে সতর্ক হতে হবে জানিয়ে তিনি বলেন, ‘চারদিকে শুধু দেশের মধ্যে নয়, বিদেশ থেকেও ষড়যন্ত্র করা হচ্ছে। যদি ফ্যাসিবাদ আবার আসে তাহলে এ দেশের গণতন্ত্রকামী মানুষের কী হবে এটা বলে শঙ্কিত করতে চাই না। খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। যারা করছেন তাদের আমি সতর্ক করব।’

সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির আবদুস সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত