গজারিয়ায় ‘বাবলা বাহিনীর’ প্রধান নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলনের একক নিয়ন্ত্রক নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা ওরফে উজ্জ্বল খালাসি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তিন গুলিবিদ্ধসহ ১৪ নৌ-ডাকাতকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

বাবলা চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর এলাকার বাচ্চু খালাসির ছেলে। নৌ-ডাকাত বাবলা মল্লিকের চর রহিম বাদশার বাড়িতে থেকে গজারিয়া, মুন্সীগঞ্জ সদর, চাঁদপুর এলাকায় বালু মহল নিয়ন্ত্রণ করতেন। তিনি অবৈধ বালু উত্তোলন করে বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, সকালে গরুর ঘাস কাটার জন্য নৌকা নিয়ে রহিম বাদশার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন দুটি স্পিডবোট ও দুটি ইঞ্চিনচালিত ট্রলার নিয়ে ২০-২৫ জন রহিম বাদশার বাড়ির সামনে নেমে তার পাকা ভবনের দোতলায় উঠে বাবলাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় বিল্ডিংয়ের দরজা বন্ধ করে ৯ জনকে আটকে রাখে স্থানীয়রা। এ ঘটনায় বাড়ির মালিক রহিম বাদশা (৫৫), আক্তার হোসেন (৩৮) ও লিটন মিয়াজী (৪০) গুলিবিদ্ধ হন।

এ ব্যাপারে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বাবলার বিরুদ্ধে গজারিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির ৪২টি মামলা রয়েছে। উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলাকায় তাকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত