সংবাদ সম্মেলনে যে প্রশ্নের উত্তর তিনবার দিলেন মুশতাক

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৩ পিএম

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচ এখনো বাংলাদেশের নাগালের বাইরে। মিরাজ-জাকেরের দুর্দান্ত ব্যাটিংয়ে লিড হয়েছে ৮১ রানের। ম্যাচের আরও দুই দিন বাকি। বাংলাদেশ কোনোভাবেই ম্যাচে নেই। তারপরও ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখতে বললেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ।

আজ দিনের খেলার অর্ধেকের বেশি ভেস্তে গেছে বৃষ্টি আর আলোকস্বল্পতায়। আগামী দুই দিনেও বৃষ্টির জোর সম্ভাবনা আছে। যদি বৃষ্টি না হয়, তাহলে কি ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ? হাতে আছে মাত্র তিন উইকেট। এই তিন উইকেট নিয়ে প্রোটিয়াদের সামনে কত রানের টার্গেট ছুড়ে দেওয়া সম্ভব? সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে তিনবার এলো এই প্রশ্ন। তিনবারই প্রায় একই জবাব দিলেন মুশতাক।

দিনের খেলার সমাপ্তি ঘোষণার পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মুশতাক বলেন, ‘আমরা এখান থেকে যতটা পারি লিড নেওয়ার চেষ্টা করবো। আমার কথা হলো- আমরা যেকোন পরিস্থিতিতে বিশ্বাস রাখতে চাই। অবশ্যই ২০০ লিড নেওয়া সম্ভব বলে মনে করি। ২৬রানে ৬ উইকেট হারানো থেকে আমরা টেস্ট জিতেছি। এটাই বিশ্বাস।’

তিনি বলেন, ‘আমরা প্রক্রিয়ায় স্থির থাকতে চাই। পাল্টা লড়াই করতে চাই। আমরা দলে থাকা প্রতিটি খেলোয়াড়ে বিশ্বাস রাখতে চাই। তাইজুল ইসলামও পূর্বে এমন পরিস্থিতিতে রান করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত