অভ্যুত্থান নিয়ে কটূক্তি, চবি শিক্ষার্থীর বহিষ্কার চায় সহপাঠীরা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পিএম

ছাত্রজনতার গণঅভ্যুত্থান নিয়ে সোশাল মিডিয়ায় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট দেওয়ায় জান্নাতুল ফেরদৌস মুন্নির বহিষ্কারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্ত মুন্নি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা তার বহিষ্কার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময়  নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। মুন্নিকে বহিষ্কার করা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের কমিটি বরাবর একটি লিখিত আবেদন জানানো হয়েছে।

মুন্নির সহপাঠী আহসান হাবীব লিয়ন বলেন, জুলাইয়ের বৈষম্যেবিরোধী আন্দোলনে মুন্নি ছাত্রলীগের দোষর হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে মৌনসম্মতি দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সোশাল মিডিয়ায় হুমকি দিয়ে আন্দোলন ব্যাহত করতে চেষ্টা করছে। আগের সরকার থাকলে সে আন্দোলনে সক্রিয় সহপাঠীদের হেনস্তা করত। আমরা চাই সে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আমাদের একটাই দাবি, মুন্নিকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করতে হবে।

তার আরেক সহপাঠী দীপা মুহুরীও একই দাবি তোলেন। এ বিষয়ে জানতে চাইলে সম্প্রীতি ও শৃঙ্খলা উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বলেন, এরকম একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেব।

এর আগে গত ২০ অক্টোবর অভিযুক্ত মুন্নি প্রথম বর্ষের সমাপনীর ১০১ নম্বর কোর্সের পরীক্ষা দিতে আসলে সহপাঠীরা পরীক্ষা বর্জন করে বিভাগের সভাপতির কক্ষের সামনে অবস্থান নেয়। একইদিন শিক্ষার্থীরা প্রক্টর বরাবর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত