স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম

ক্রমশ ভয়ংকর হয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। এর প্রভাবে এরই মধ্যে ঢাকাসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও দেখা দিয়েছে। রাতে এ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আশঙ্কা করা হচ্ছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘দানা’। আবহাওয়া অফিসের তথ্য মতে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়েছে।

এদিকে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন ঘূর্ণিঝড় ডানা সমুদ্রে থাকা অবস্থায় অতি তীব্র ঘূর্ণিঝড় বা Very Severe Cyclonic Storm-এর শক্তি অর্জন করতে পারে। যা ১২০ থেকে ১৬৬ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ঘূর্ণিঝড় ‘দানা’র এখন পর্যন্ত যে গতিপ্রকৃতি, তাতে মনে হচ্ছে ভারতের ওডিশার উপকূলে এর আছড়ে পড়ার সম্ভাবনা। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। তবে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানতে পারে আবহাওয়াবিদরা এখনো তা নিশ্চিত করে বলতে পারেননি।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় দানা আরও পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগিয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগোতে পারে এবং ঘণীভূত হতে পারে।

এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার ভোরেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’। এরপর পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে ঢুকবে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, গত ছয় ঘণ্টায় (বুধবার দুপুর পর্যন্ত) ‘দানা’ ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ‘দানা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত