এবার কি বায়ার্ন জুজু কাটবে বার্সেলোনার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৭:১৩ পিএম

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের সামনে পড়লেই যেন নিজেদের হারিয়ে খুঁজতে থাকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ৯ বছর বলার কারণ চ্যাম্পিয়ন লিগে বায়ার্নের বিপক্ষে বার্সেলোনা সবশেষ ম্যাচ জিতেছে ২০১৫ সালের মে মাসে। এরপর আরও ৬ দেখায় প্রতিবারই হেরেছে কাতালানরা। এর মধ্যে আছে ২০২০ কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলের সেই হারও।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের সঙ্গে মোট ১৩ দেখার বার্সেলোনা জিতেছে মাত্র দুবার, ড্র একটি, বাকি ১০ ম্যাচেই হারতে হয়েছে স্পেনের অন্যতম সফল ক্লাবটিকে। বায়ার্নের সঙ্গে ৮-২ গোলে হারের সেই ম্যাচে বাভারিয়ানের কোচ ছিলেন হান্সি ফ্লিক। চার বছর পর সেই ফ্লিক এবার বার্সার ডাগআউটে। ২০১৯-২১ ছিলেন বায়ার্নের কোচ, এরপর দুবছর জার্মান দলের দায়িত্ব শেষে এই মৌসুম থেকে হাল ধরেছেন বার্সেলোনার। 

সেই ৮-২ গোলের ম্যাচের পর আরও চারবার দেখায় হেরেছে বার্সা। কিন্তু এই দুই দলের ইউরোপসেরা ক্লাব টুর্নামেন্টে মুখোমুখি হওয়া মানেই ঘুরে ফিরে আসে সেই ম্যাচের স্মৃতি। সবশেষ ২০২২ এর অক্টোবরে নিজেদের মাঠে বার্সা হেরেছিল ৩-০ গোলে।

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক স্পষ্ট জানিয়েছেন, “অতীত কোনো ব্যাপার না, বর্তমানই গুরুত্বপূর্ণ। আমরা বায়ার্নের বিপক্ষে জয় পেতে সর্বোচ্চ চেষ্টা করব।” ফ্লিকের এই নতুন অধ্যায়ে বার্সা নতুন করে শুরু করতে চাইছে, বিশেষ করে যখন তাদের সামনে আসছে শক্তিশালী বায়ার্ন মিউনিখ। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি অবশ্য ফ্লিকের সময়কাল নিয়ে প্রশংসা করেছেন, কিন্তু এটিকে কেবল দুই দলের ম্যাচ হিসেবেই দেখছেন। "ম্যাচটির ৯০ মিনিটেই তৈরি হবে এর নিজস্ব ইতিহাস," বলেছেন কোম্পানি।

হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের আক্রমণের পুরোধা

বার্সার জন্য কিছু ইতিবাচক দিকও আছে। তারা লা লিগায় শীর্ষে আছে এবং ফরোয়ার্ড লেভানডফস্কি চমৎকার ফর্মে আছেন। লেভানডফস্কি নিজে বায়ার্নে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং দলটিকে ভালোভাবেই জানেন। বার্সার মিডফিল্ডার গাভিও দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন, যা তাদের জন্য বাড়তি শক্তি।

বায়ার্ন মিউনিখও দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে বুন্দেসলিগায়। তাদের গোল মেশিন হ্যারি কেইন এই মৌসুমে ৮ গোল করে শীর্ষে আছেন। এই ম্যাচে কেইন বনাম লেভানডফস্কির লড়াইও আলাদা আকর্ষণ তৈরি করবে। তবে রাফিনহা এই ম্যাচকে 'বিশেষ' বলে আখ্যা দিয়ে বলেছেন, “আমরা কঠোর পরিশ্রম করেছি, তিন পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ ম্যাচ মানেই ফুটবলের এক উত্তেজনাকর অধ্যায়ের সূচনা। অতীতের বড় হার থেকে বার্সেলোনা কি এবার ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বায়ার্নের জয়রথ অব্যাহত থাকবে, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত