বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরণ ক্ষমতায় থাকার ইচ্ছা যেন তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) মধ্যে না জাগে। এই সরকারকে দেশের মানুষ ভালোবেসে এখনও ক্ষমতায় রেখেছে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঢাকা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্য প্রতিরোধে এই গণসমাবেশ করেছে বরিশাল জেলা খেলাফত মজলিস।
তিনি আরও বলেন, ‘কোনো আনুষ্ঠানিক সংলাপ নয়। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে সবার সমন্বয়ে এই সরকারকে সফল হতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে আগস্ট বিপ্লবও ব্যর্থ হবে।’
মামুনুল হক আরও বলেন, ‘বিভেদের সময় এখন নয়। বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলগুলো যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, তবে স্বাধীনতা আবারও ইজারায় চলে যাবে।’
ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘মোদি সরকার ও ভারতের পররাষ্ট্রনীতির নিন্দা জানাই। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বঞ্চিত করতে যা করা দরকার, ভারত তা করেছে। সর্বশেষ শেখ হাসিনার মতো খুনের আসামিকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শেখ হাসিনার বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হলে আরেকটি আন্দোলন করতে হবে, তা হবে।’
এ সময় খেলাফত মজলিসের জেলা আহ্বায়ক জোবায়ের গালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব জালালুদ্দিন আহমদ ও আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালি, এবং অফিস ও প্রকাশনা সম্পাদক রাকীবুল ইসলাম। গণসমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’
সাফ: প্রথমার্ধেই ভারতকে তিন গোল বাংলাদেশের