বাংলাদেশ সিরিজে কে এই আফগান হার্ডহিটার আতাল?

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পিএম

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই বাংলাদেশ দল উড়াল দেবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আফগানিস্তানের বিপক্ষে আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের আফগান দলে আছেন ২৩ বছর বয়সী সাদিকুল্লাহ আতাল, যাকে ঘিরে এখন ক্রিকেট দুনিয়া আগ্রহী হয়ে উঠেছে।

এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া আতালকে নিয়ে মাতামাতির কারণ- ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে একের পর এক দুর্দান্ত ইনিংস উপহার দেওয়া। টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলে সবগুলোতেই ফিফটি করেছেন। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন ৫২ বলে ৮৩ রানের ম্যাচ জেতানো ইনিংস।

এছাড়া শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৮৩, বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৯৫ এবং হংকং ‘এ’ দলের বিপক্ষে করেন ৫২ রান। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আতালকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে রেখেছে আফগান ক্রিকেট বোর্ড। শারজায় ৬ নভেম্বর থেকে সিরিজটি শুরু হবে। পরের দুটি ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।

বাংলাদেশ এমনিতেই টি-টোয়েন্টিতে চরম অধারাবাহিক। নেই কোনো হার্ডহিটার। বেশিরভাগ ক্রিকেটারের মাঝে টি-টোয়েন্টি মেজাজও নেই। যে কারণে ভয়ডরহীন বিধ্বংসী ব্যাটিং আর দারুণ ধারাবাহিকতার কারণে আতাল বাংলাদেশের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত