বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ২০ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারে নতুন করে পরোয়ানা জারির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
গ্রেপ্তার দেখানো আসামিদের মধ্যে ১৪ জনকে ১৮ নভেম্বর এবং ২০ নভেম্বর গ্রেপ্তার দেখানো ছয়জনসহ পরোয়ানাভুক্ত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তার দেখানো ও গ্রেপ্তারি পরোয়ানার তিনটি আলাদা আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে এ বিষয়ে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
গ্রেপ্তার দেখানো আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজসম্পদ ও বিদ্যুৎবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলম। এই ১৪ জনকে আগামী ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে উপস্থিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবন্দি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বরখাস্ত) আবদুল্লাহিল কাফী, পুলিশ পরিদর্শক (বরখাস্ত) আরাফাত হোসেন, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (বরখাস্ত) আবুল হাসান ও একই থানার পরিদর্শক (বরখাস্ত) মাজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। এই ছয়জনকে আগামী ২০ নভেম্বর এই ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আরেকটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। তবে এই আসামিরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য ১৬ পুলিশ কর্মকর্তার নাম জানাননি তাজুল ইসলাম। তাদের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
