হিলিতে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৮ এএম

সরবরাহ কমের অজুহাতে আবারও দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১২ টাকা। এতে বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। তবে ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এ কারণে খুব একটা দাম বাড়বে না বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলোরি এ দুই জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৮৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৯৫ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া সাউথের বেলোরি জাতের পেঁয়াজ ৯৫ টাকা দরে বিক্রি হলেও শনিবার তা বেড়ে ১০২ টাকা দরে বিক্রি হয়েছে। শনিবার বন্দর দিয়ে ৩৪টি ট্রাকে ৯৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে আমদানি অব্যাহত রেখেছেন বন্দরের আমদানিকারকরা। তবে ভারতের যেসব অঞ্চলে পেঁয়াজের উৎপাদন হয় সেসব অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার ফলে বন্যা দেখা দিয়েছে। এতে ভারতের বাজারেই পণ্যটির সরবরাহ কমার সঙ্গে সঙ্গে দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এ কারণে আমাদেরকে বাড়তি দামে পেঁয়াজ কিনে আমদানি করতে হচ্ছে। এ ছাড়া চাহিদামতো পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। পেঁয়াজ আমদানির পর আমদানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ করে রিপোর্ট দেওয়া আছে। যাতে আমদানিকারকরা দ্রুত বন্দর থেকে পেঁয়াজ খালাস করে নিতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত