‘পুলিশের পোশাক’ পরে খামারের গরু লুট

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে খামারের কর্মচারী মো. হোসেন (৪৫) কে মারধর করে খামার থেকে গাভীসহ বাছুর লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

রবিবার দিবাগত রাত পৌণে ৪টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির শাহ অহিদিয়া ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।

খামারের মালিক ওই এলাকার মৃত মোহাম্মদ জমিরের ছেলে মো. ইকবাল বাহার (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। তবে ভুক্তভোগীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী খামারের কর্মচারী হোসেনের বরাত দিয়ে খামার মালিক ইকবাল বাহার জানান, রোববার রাত পৌঁনে ৪টার দিকে একটি মোটরসাইকেল ও একটি মিনি পিকআপে করে ১০/১২ জন লোক পুলিশের পোশাক পরে খামারে প্রবেশ করে।

এ সময় খামারে থাকা কর্মচারী মো. হোসেন পুলিশের পোশাক পরা দেখেন প্রথম ৪ জনকে। পুলিশ ভেবে স্যার বলে সম্বোধনও করেন। কিন্তু পরক্ষণেই দেখেন তাদের মধ্যে পেছনে কয়েক জনের গায়ে পুলিশের কোনো পোশাক নেই। তবে সবাই মুখোশ পরিহিত ছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র, লম্বা কিরিচ ও রাম দা ছিল।

হঠাৎ হোসেনকে মারধর করে খামার থেকে দুটি গরু পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায় তারা। এর মধ্যে একটি বড় গাভী ও আরেকটি বাছুর।

এ বিষয়ে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, ঘটনাটি শোনার পর ওসি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগকারী ব্যক্তি জানিয়েছেন তারা মেট্টো পুলিশের পোশাক পরে এসেছিল। পার্শ্ববর্তী সিসিটিভিতে তা স্পষ্ট হওয়া গেছে। পুলিশ শিগগিরই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত