মিয়ানমারের সঙ্গে অনানুষ্ঠানিক বাণিজ্যসহ সব সীমান্ত পোস্ট বন্ধ করে দিচ্ছে চীন। আজ মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বেইজিং। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির খবরে বলা হয়, সীমান্ত-বাণিজ্য বন্ধের আনুষ্ঠানিক কারণ জানায়নি চীন। তবে ধারণা করা হচ্ছে, গত ১৮ অক্টোবর মান্দালয়ে চীনা কনস্যুলেটে হামলা এবং চীন সীমান্তের কাছে জান্তা ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মিয়ানমারের সবচেয়ে বড় ব্যবসায়িক গ্রুপের এক জ্যেষ্ঠ সদস্য ইরাবতিকে বলেন, সীমান্ত-বাণিজ্য বন্ধের ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে। ইউনিয়ন অব মিয়ানমার ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী কমিটির এই সদস্য সতর্ক করে দিয়ে বলেন, আমরা পণ্য ও সরবরাহে ঘাটতির আশঙ্কা করছি এবং এতে দ্রুতগতিতে দাম বাড়তে পারে।
মিয়ানমারের ব্যবসায়ীরা জানিয়েছেন, গত ১৯ অক্টোবর কাচিন রাজ্যের ওয়েইংমাও টাউনশিপের কানপাইকতি সীমান্তের বিপরীতে চীন তাদের সীমান্ত-বাণিজ্য চৌকিটি বন্ধ করে দেয়। এতে মঙ্গলবার কাচিন ও শান রাজ্যের আরও চারটি সরকারি ক্রসিংয়ে সীমান্ত গেট বন্ধ করা শুরু করে।
