পদ্মায় পুলিশের ওপর দুর্বত্তের হামলা

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর এএসআই’র মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে বেআইনিভাবে মৎস্য শিকারীদের হামলায় নৌকা ডুবে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল হাসানের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপর ৩টার দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এখনও নিখোঁজ সহকারী উপপরিদর্শক মুকুল হোসেনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে দুর্বৃত্ত জেলেদের হামলায় গত সোমবার ভোরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শ্রীখোল এলাকায় নিখোঁজের ঘটনা ঘটে। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন এক উপপরিদর্শক ও দুই ইউপি সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযান পরিচালনাকারী ও কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফিরোজ আহমেদ। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আনুমানিক প্রায় এক কিলোমিটার দূর থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পুলিশ সদরুলের মরদেহটি উদ্ধার করা হয়েছে। অপর পুলিশকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

নিহত সহকারী উপপরিদর্শক সদরুল হাসান পাবনার আতাইকুলা থানার কাজিপুর গ্রামের আব্দুল ওহাবের বড় ছেলে। আর নিখোঁজ সহকারী উপরিদর্শক মুকুল হোসেন (৪০)। তিনি মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন - কুমারখালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর সদস্য ছানোয়ার হোসেন ছলিম ও ৬ নম্বর সদস্য আনোয়ার হোসেন টিটন।

কুমারখালী থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগীতায় নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পরে এএসআই সদরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের উদ্ধারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত