দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেবা ও সহায়তা দিবস পালিত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:১২ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেবা ও সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এবং কেয়ার এট হোম প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বেলা ১১টায় ধানমন্ডি সাত মসজিদ রোডে একটি র‌্যালি ও পরে রিক সেন্টারের কনফারেন্স কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্ধক্য বিশেষজ্ঞ ও গবেষক সহকারী অধ্যাপক মো. মহসীন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী পরিচালক হাসিব খান। এছাড়াও উপস্থিত ছিলেন বয়স্বী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ডা. আফসানা করিম, জনস্বাস্থ্য ও প্রজনন বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার, অল বাংলাদেশ সিনিয়র সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুল হক, ডিআরপি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাধেশ্যাম সরকার, প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. ফারজানা, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এজিএম ফেরদৌসী বেগম। এছাড়াও ধন্যবাদ জ্ঞাপন করেন কেয়ার এট হোম এর এমডি ফাতেমা আক্তার। অনুষ্ঠানে বাংলাদেশের কেয়ার সেক্টরের ভবিষ্যত করনীয় ও পলিসি তৈরির পক্ষে জোর দেন বক্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন কেয়ার গিভার, কেয়ার গিভার সার্ভিস রিসিভার এবং কেয়ার প্রোভাইডার এজেন্সির প্রতিনিধিরা। মতবিনিময় সভায় কেয়ার গিভার কাজের সঙ্গে সংশ্লিষ্টরা সেবাদানে তাদের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিভিন্ন সময় কেয়ার গিভাররা সেবা দানের সময় হেনস্তার শিকার হোন বলে জানিয়েছেন। এছাড়াও তারা এই পেশায় যাতে নির্দিষ্ট বেতনস্কেল তৈরি করা হয় সেই দাবি জানিয়েছেন।

অন্যদিকে কেয়ার গিভার সার্ভিস রিসিভার নেওয়া প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারাও তাদের সেবা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার কথা তুলে ধরেছেন। বিশেষ করে কেয়ার গিভাররা অনেক সময় প্রবীণদের সেবা দানের ক্ষেত্রে মোবাইলে বেশি আসক্ত থাকেন। এতে সেবা পাওয়ার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হয়। এদিকে  কেয়ার প্রোভাইডার এজেন্সির প্রতিনিধিরা আলোচনা সভায় তাদের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেছেন।

মতবিনিময় সভায় অধ্যাপক আফসানা করিম বলেন, ‘প্রবীণদের অনেকেরই স্বাস্থ্যসেবা নেওয়ার মতো অনেকের সুযোগ নেই। রাজধানীর অভিজাত এলাকায় থাকা প্রবীণদের কথা শুধু ভাবলে হবে না, সবার কথা ভাবতে হবে। অর্থ ব্যয়ের উপর নির্ভর করে প্রবীণদের স্বাস্থ্যসেবা। নিম্নবিত্ত বা মধ্যবিত্তের কেউ চিন্তাও করতে পারে না কেয়ার গিভার রাখার। এই বিষয়ে সরকারিভাবে সহায়তা প্রয়োজন। তাহলে দেশে এই সেবার কদর বাড়বে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী পরিচালক হাসিব খান বলেন, ‘এই মতবিনিময় সভার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে সব পক্ষের কথা শুনতে পেলাম। কেয়ার গিভার, কেয়ার গিভার সার্ভিস রিসিভাররা তাদের মতামত তুলে ধরলেন। প্রবীণদের নিয়ে আমাদের বৃহৎ আকারে চিন্তা করতে হবে। তার লক্ষ্যেই আজকের এই আয়োজন। আমরা আগামীতে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলবো। তার আগে আমাদেরকেই বিষয়টি সবার সামনে তুলে আনতে হবে। কেয়ার গিভার বহির্বিশ্বে যেভাবে মর্যাদাপূর্ণ পেশা, সেটা আমাদের দেশে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রিক এর প্রবীণ বিষয়ক গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত