খাগড়াছড়িতে ৫ নভেম্বর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩২ এএম

খাগড়াছড়িতে আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে অস্থির পরিস্থিতির কারণে গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা জারি করেছিল জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের ব্যবসায়ী সোহেল চাকমা ও মো. হানিফ রানা বলেন এতদিন বাইরের পর্যটক না আসার কারণে আমাদের কোনো বেচাকেনা নেই, তাই আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের কথা চিন্তা করে সরকার যেন আর এমন সিদ্ধান্ত না নেয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকদের ওপর ভ্রমণ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত প্রত্যাহার হচ্ছে। ওইদিন থেকে পর্যটকরা খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে ঘুরতে আসতে পারবেন জেলার বাইরের পর্যটকরা। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক। খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার বলেন, ‘গত কয়েক মাস ধরে গণ-অভ্যুত্থান ও সহিংসতার ঘটনায় পর্যটন ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে। এখন পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় কিছুটা হলেও আশ^স্ত হচ্ছি।’

অন্যদিকে খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা জানিয়েছেন, খাগড়াছড়ির অধিকাংশ মানুষ কোনো না কোনোভাবে পর্যটনের ওপর নির্ভরশীল। তাই ভবিষ্যতে পর্যটন শিল্পকে যেকোনো ধরনের আঞ্চলিক বিরোধ ও রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত