মানিকগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা হয়েছে। ২৯ অক্টোবর (মঙ্গলবার) হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল বাদী হয়ে এ মামলা করেন।
মামলা সূত্রে বুধবার ভোর সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ (৫৫), উপজেলার ছয়আনী গালা গ্রামের হারুন অর রশিদ (৫৮), কালই গ্রামের নিত্য সরকার (৪৫) ও মতিয়ার রহমান মতি (৬৫)। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয় থানা সূত্রে জানা যায়।
মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর কন্যা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের আলোচনা সভায় বক্তব্য চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করা হয়। দেশি অস্ত্র লোহার লড, বাটাম, হকিস্টিক, চাপাতি ও লাঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাসহ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাড়ি ঘর ভাঙচুর করা হয়। মামলায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অজ্ঞাত আরও ৪০/৫০ জনের জড়িত থাকার বিষয়েও উল্লেখ করা হয়।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ ও ২৫ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইরে প্রায় একযুগ আগে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি ৪ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে সিংগাইর থানায় আরো দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রমজান উপলক্ষে সয়াবিন তেল-চিনি-ছোলা সংগ্রহ করবে সরকার
ছেলের কাটা মাথা কোলে নিয়ে রাস্তায় বসে রইলেন মা!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম থেকে যেভাবে মুসলিম শব্দটি বাদ পড়ল