জুমায়েভের আত্মঘাতী গোলে পারোর কাছে হার কিংসের

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পিএম

প্রথম দুই ম্যাচ হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায়টা আগেই নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আজ শুক্রবার ভুটানের ক্লাব পারো এফসির বিপক্ষে ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। সেই ম্যাচেও বসুন্ধরা কিংস হেরেছে ২-১ গোলে।

ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে হেরেছিল ডিফেন্ডার সাদ উদ্দিনের আত্নঘাতী গোলে।

এই ম্যাচেও হারের কারণ আত্নঘাতী গোল। ৫৪ মিনিটে পারোর একটি সাদামাটা আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কিংসের বিদেশি ডিফেন্ডার জুমায়েভ নিজেদের জালে বল জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তন এবং আরও আক্রমণ করেও ম্যাচে সমতা আনতে পারেনি কিংস।

ম্যাচের ১২ মিনিটে ভ্যালেরির গোলে বসুন্ধরা কিংস খেলায় লিড নিয়েছিল। সেটি অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১২ মিনিট পর বক্সের মধ্যে পারোর ফরোয়ার্ড কোণাকুণি শটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করলে চাংলিমিথাংয়ের গ্যালারি উৎসবে মাতে। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। 

বসুন্ধরা কিংসকে নিয়ে এএফসি কাপের নকআউট পর্বে যেতে পারেননি স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। আজ তিনি সেই বাধা পেরিয়েছেন ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে। লেবাননের ক্লাব নেজমাহকে ৩-২ গোলে পরাজিত করে ভারতের ইস্ট বেঙ্গল এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

ছয় বছর বসুন্ধরা কিংসে কোচিং করানোর পর মাস কয়েক আগে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েই বাজিমাত করলেন অস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত