মৃত্যু থেকে পালানোর উপায় নেই

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ এএম

মৃত্যু এক ধ্রুব সত্য। মানুষ সবকিছু অস্বীকার করলেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। সব ধর্মাবলম্বী এ ব্যাপারে একমত যে, প্রত্যেককেই মৃত্যু স্পর্শ করবে। ইসলামের সব আকিদা, চিন্তা-চেতনা সবকিছু যে অস্বীকার করে সেও মৃত্যুকে অবশ্যই স্বীকার করে। পৃথিবীতে একটি বিষয় এমন আছে, যাতে কোনো মতবিরোধ নেই, তা হলো মৃত্যু। কোরআনুল কারিমে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে।’ (সুরা আলে ইমরান ১৮৫) পাপিষ্ঠরা মৃত্যুকে ভয় ও অপছন্দ করে। পক্ষান্তরে ইমানদাররা আল্লাহর সাক্ষাতের জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকে। তাই তারা মৃত্যুকে মোটেও ভয় পায় না। মহান আল্লাহ এ সম্প্রদায়ের মৃত্যু সম্পর্কে বলেন, ‘বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন, সেসব কর্ম, যা তোমরা করতে।’ (সুরা জুমুআ ৮)

আমাদের সবাকেই একদিন এ ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে নিয়ে আমাদের ভাবতে হবে। অধিক চিন্তায় মগ্ন থাকতে হবে। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে জন্ম হবে। এতে আমরা অশালীন কাজ এবং গোনাহ থেকে বাঁচতে পারব। এ বিষয়ে হাদিসে বর্ণিত  হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, তোমরা সব স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। (জামে তিরমিজি)

কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার উপায় নেই। মৃত্যুর যন্ত্রণা আছেই। আমলের তারতম্য অনুযায়ী তা কমবেশি হয়। তবে একেবারেই যে কোনো কষ্ট হয় না, এটা বলা মুশকিল। মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেন, ‘মৃত্যুর যন্ত্রণা সত্যিই আসবে, যা থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছ। (সুরা কাফ ১৯) আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, প্রত্যেক মানুষের জন্য আকাশে দুটি দরজা রয়েছে। একটি দিয়ে তার আমল ওপরে উঠে, অপরটি দিয়ে তার রিজিক অবতরণ করে। যখন মুমিন ব্যক্তি মারা যায়, তখন উভয় দরজা তার জন্য ক্রন্দন করতে থাকে। (জামে তিরমিজি) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, মুমিনের মৃত্যুর কারণে জমিন চল্লিশ দিন পর্যন্ত কাঁদতে থাকে। (মুসতাদরাকে হাকেম) আবদুল্লাহ ইবনে ওমর (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কোনো মুমিন মারা গেলে কবরস্থান তার জন্য নিজেকে সজ্জিত করে নেয় এবং সেখানকার প্রত্যেক স্থানই কামনা করতে থাকে যেন তার মাঝে দাফন করা হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য সঠিক প্রস্তুতি নেওয়ার তওফিক দান করুন। আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত