দোয়া কবুলের সময়গুলো

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ এএম

আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের সব। আমাদের চাহিদা, প্রয়োজনীয়তা সবকিছু পূরণ করার মালিক আল্লাহতায়ালা। আল্লাহ ছাড়া অন্য কারও কাছে আমরা নিজেদের প্রয়োজনের কথা ব্যক্ত করতে পারি না। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের চাহিদা হলো, আমাদের প্রয়োজন, আশা, আকাক্সক্ষা সবকিছু পূরণ হোক। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি। নিজেদের একান্ত প্রয়োজনের কথা বলি। আল্লাহতায়ালা বান্দার সব দোয়াই কবুল করেন। হয়তো তা আপনাকে দুনিয়াতেই দেবেন বা আখেরাতে দেবেন অথবা আপনার দোয়ার চেয়েও কল্যাণকর কিছু দেবেন। দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত রয়েছে, তা উল্লেখ করা হলো।

গভীর রাত : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, আল্লাহতায়ালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন, যে আমার নিকট চাইবে। আমি তাকে তা দেব। কে আছে এমন, যে আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (সহিহ বুখারি)

ফরজ নামাজের পর: আবু উমামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, হে আল্লাহর রাসুল! কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য হয়? তিনি বললেন, শেষ রাতের মাঝ ভাগের এবং ফরজ নামাজের পরবর্তী দোয়া। (তিরমিজি)

আজান ও ইকামাতের মাঝখানে : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। (আবু দাউদ)

জুমার দিনে: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) জুমার দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যেকোনো মুসলিম বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। (সহিহ বুখারি) প্রসিদ্ধ রয়েছে যে, জুমার দিনের সেই বিশেষ মুহূর্তটি হলো দুই খুতবার মাঝখানের সময় কিংবা আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত।

সেজদায় দোয়া করা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, বান্দা সেজদা অবস্থায় স্বীয় প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। অতএব তোমরা অধিক মাত্রায় (ওই অবস্থায়) দোয়া করো। (রিয়াজুস সলেহিন) তবে খেয়াল রাখতে হবে, তা নফল নামাজে হতে হবে, দোয়া অবশ্যই আরবি ভাষায় হতে হবে এবং কোরআন-হাদিসে বর্ণিত দোয়া করাই উত্তম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত