বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কমিটি কুষ্টিয়ায়

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ এএম

কুষ্টিয়ায় ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে জেলাপর্যায়ে কমিটি গঠন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও কমিটি গঠন করার কথা জানিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের এই সংগঠনটি। গতকাল শনিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। এর কিছু সময় পর সেই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিতে হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে ‘রূপায়ণ টাওয়ার, ৩৪৫ দিলু রোড, ঢাকা-১২১২।’

আগামী ছয় মাসের জন্য কুষ্টিয়া জেলার এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যার আহ্বায়ক হিসেবে রয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান এবং সদস্য সচিব কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মো. মোস্তাফিজুর রহমান। কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন ইসলামী বিত্নবিদ্যালয়ের ছাত্র এম ডি বেলাল হোসেন এবং মুখপাত্র করা হয়েছেন একই বিত্নবিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ মোশাররফকে। এ ছাড়া কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম সদস্য সচিব, ৭ জন সংগঠক ও ৭৯ জনকে সদস্য করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই থেকে টানা আন্দোলন শুরু হয়। যে আন্দোলন একপর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। অবসান ঘটে আওয়ামী লীগের টানা ১৫ বছরের বেশি সময়ে শাসনের। ওই আন্দোলন পরিচালনায় গত ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩ আগস্ট সেই সংখ্যা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সমন্বয়ক পরিচয়ে দেশের বিভিন্ন জায়গায় নেতিবাচক নানা ঘটনা ঘটতে থাকে। একপর্যায়ে গত ২২ অক্টোবর সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যাতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। শিগগিরই আহ্বায়ক কমিটি বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে উল্লেখ করে সেই সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেছিলেন, ভুয়া সমন্বয়ক পরিচয়ে কেউ যাতে অপকর্ম করতে না পারেন, সেই চিন্তা থেকে তারা সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চান। সেই লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে।

থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি : জাতীয় নাগরিক কমিটি এবার থানা পর্যায়ে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার সেক্রেটারি আরিফুল ইসলাম আদীব দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘থানা পর্যায়ে কমিটি নিয়ে কাজ চলছে।’

জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনায় বলা হয়েছে,  জাতীয় নাগরিক কমিটির সব থানা পর্যায়ের কমিটি ‘প্রতিনিধি কমিটি’ হিসেবে পরিচিতি পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত