এনভয় টেক্সটাইলস থেকে সালাম মুর্শেদী অপসারিত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৩৩ এএম

বিশ্বের প্রথম লিড প্লাটিনাম-সার্টিফাইড ডেনিম কারখানা এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে অপসারণ করেছেন শেয়ারহোল্ডাররা। গত শনিবার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় মুর্শেদীর পুনর্নির্বাচনের বিরুদ্ধে ৮৪ দশমিক ২৪ শতাংশ শেয়ারহোল্ডার ভোট দিয়েছেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

মুর্শেদীর স্থান পূরণে হংকং ভিত্তিক বহুজাতিক এপিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কসমোপলিটান ইন্ডাস্ট্রিজের মনোনীত প্রতিনিধি দিনেশ গোপ ভিরওয়ানি নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। আর শেয়ারহোল্ডাররা রাশিদা আহমেদ ও এস কে বশির আহমেদ মামুনকে পুনরায় পরিচালক পদে নির্বাচিত করেছেন।

সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় প্রায় ২৫ জন শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। তাদের মধ্যে একজন মাহবুবুল হক বাবু মুর্শেদীকে অপসারণের পরও অফিসের নির্ধারিত স্থান ও গাড়ি ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলেন। ২০২২ সালের জুনে অনিয়মের অভিযোগে মুর্শেদীকে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। তার পরিবর্তে ব্যবস্থাপনা পরিচালকের পদে নির্বাচিত হন তানভীর আহমেদ।

এনভয় টেক্সটাইলসের ২০২৪ সনের আর্থিক প্রতিবেদনে কোম্পানি ২০১২ সালে স্টক মার্কেটে তালিকাভুক্ত হওয়ার পর সর্বোচ্চ মুনাফা দেখিয়েছে, যা ৬০ কোটি টাকা অতিক্রম করেছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত অর্থবছরের ১ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৫৮ পয়সায় পৌঁছেছে। কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে, যা বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত