প্রেস সচিবের ব্রিফিং

বাংলাদেশ কোনো বিদ্যুৎ সংস্থার কাছে জিম্মি হবে না

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:০৯ এএম

বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের যে বিশাল পাওনা, সেটির জন্য পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘আদানি গ্রুপকে গত মাসে আমরা ৯৭ মিলিয়ন ডলার পেমেন্ট করেছি। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের পক্ষ থেকে পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘আমরা কারও দ্বারা পাওয়ার হোস্টেজ (জ্বালানিনির্ভরতা) হব না। বাংলাদেশ কোনো একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার কাছে জিম্মি হবে না। নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হব।’ গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপ টাকা পায় এটা সত্য। তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে গতি বাড়িয়েছি। আগের যে বিল বাকি আছে, সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার। তারা বিশাল ব্যাকলগ রেখে গিয়েছিল।’

দেশের রিজার্ভ বাড়া শুরু হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিট্যান্সের গতি বেড়েছে। ফলে এখন সেন্ট্রাল রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছি। ভারতের আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট দেওয়ার গতি বেড়েছে। সামনে আরও বাড়বে। আদানির পেমেন্ট ৭০০ মিলিয়ন ডলার বাকি আছে। সেটিও দ্রুত সময়ের মধ্যে করে দিতে পারব।’

আওয়ামী লীগ সরকারের সময় বছরে ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের সময় টাকা পাচারের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছিল। সেই টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কত টাকা পাচার হয়েছে, তা বের করতে উচ্চপর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’

জাতীয় শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধের ঘটনার নিন্দা জানিয়ে প্রেস সচিব বলেন, শিল্পকলার প্রধান এ ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন বলে আশা করি।

শফিকুল আলম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল বাংলাদেশে সমস্ত কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দীন, নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদানকে স্বীকার করি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে সেটি আইনশৃঙ্খলা বাহিনী দেখছে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত