শরীয়তপুরের জাজিরার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজার পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার তরুণ নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতুর টোলপ্লজার সার্ভিস রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৮), এসকেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালী কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজার পাশে সার্ভিস রোড নাওডোবা-জাজিরা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাবিল, সায়েম, আরমান ও খিদির নামের ৪ তরুণের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মৃত্যু হয় নাবিল, আরমান, খিদিরের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সায়েমের মৃত্যু হয়েছে।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ আকরাম হোসেন বলেন, অতিরিক্ত গতি ও বেখেয়ালির কারণে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার পর ঘটনাস্থলে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। পরে নিহতর পরিবার মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করতে আসেননি।
