যে কারণে হাগের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডে এবার বড় পরিবর্তন। টানা খারাপ ফলাফলের পর ক্লাব কর্তৃপক্ষ ডাচ কোচ এরিক টেন হাগের ওপর থেকে আস্থা হারিয়ে তাকে বরখাস্ত করেছে। টেন হাগের অধীনে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। 

৯ ম্যাচে মাত্র ৩টি জয়, ৪টি হার এবং ২টি ড্র—এই ছিল ইউনাইটেডের ফলাফল। শেষ ম্যাচে ওয়েস্ট হামের কাছে পরাজিত হওয়ার পরই টেন হাগকে বিদায় জানায় ক্লাবটি।

টেন হাগ বিদায়ের পর রবিবার প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ওল্ড ট্রাফোর্ডের দলটি। পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেন ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

ম্যাচ শেষে টেন হাগের প্রতি নিজের দায় স্বীকার করে কথা বলেন ফার্নান্দেজ। তিনি জানান, টেন হাগ বরখাস্ত হওয়ার পর তিনি তাকে ফোন করেছেন এবং ক্ষমা চেয়েছেন।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, 'কোনো কোচকে চলে যেতে দেখলে কিছু দায় আপনাকেও নিতে হয়। দল ভালো খেলছে না বলেই কোচকে বিদায় নিতে হলো।' 

তিনি আরও বলেন, '১৫ জন খেলোয়াড় ছেড়ে দেওয়ার চেয়ে কোচকে বরখাস্ত করা সহজ। আমি কোচের সঙ্গে কথা বলেছি এবং তার কাছে ক্ষমা চেয়েছি। তার চলে যেতে হওয়ায় আমি হতাশ। আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ও আমরা গোল পাচ্ছিলাম না, তাই নিজেকে দায়ী মনে হচ্ছে।'

টেন হাগের বিদায়ের পরই ইউনাইটেড ইতিমধ্যে কারাবাও কাপে লেস্টার সিটিকে হারিয়েছে এবং সর্বশেষ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ড্র করেছে।

সব মিলিয়ে ক্লাবের সাম্প্রতিক অবস্থা নিয়ে ফার্নান্দেজ বলেন, 'কোনো কোচের চলে যাওয়া ক্লাবের কারও জন্যই ভালো নয়। দলের পরিস্থিতি খারাপ, ফলাফল ভালো নয় এবং এর মূল্য কোচকে চুকাতে হলো।'

এদিকে ইউনাইটেড ইতিমধ্যে টেন হাগের উত্তরসূরি হিসেবে পর্তুগালের রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে। স্পোর্টিং লিসবনের কোচ আমোরিম আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত