একটি সেলফিই কাল হলো রায়হানের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম

বন্দুক হাতে নিয়ে সেলফি তুলেছিলেন রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবক। তার মোবাইল ফোনে সেই ছবি দেখে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বাড়িতে থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রবিবার রাত ৩টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় তল্লাশিকালে ওই যুবককে গ্রেপ্তার করে নগরের বাকলিয়া থানা পুলিশ। 

পরে সাতকানিয়ায় অভিযান চালিয় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনাকালে রায়হান ফেরদৌস মোরশেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে পকেট থেকে একটি কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় রায়হান তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। পরে তার মোবাইলটি চেক করলে অস্ত্র হাতে রায়হানের সেলফি ছবি দেখা যায়। ছবির বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলে তিনি এক পর্যায়ে স্বীকার করেন বন্দুকটি তার নিজ বাড়িতে আছে।

ওসি আরো বলেন, পরে সাতকানিয়া থানার সহযোগিতায় দ্বীপের কুল বাংলাবাজার এলাকায় তার বাড়ি থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করে। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত