মার্শাল আইয়ুবের সেঞ্চুরি, ১ রানের অপেক্ষায় অঙ্কন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

খুলনার বিপক্ষে ফলো অনে পড়ে দলকে দারুণভাবে টেনে তোলেন ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব। পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬তম সেঞ্চুরির দেখা। মার্শালের সেঞ্চুরিতে ফলোঅনে পড়েও তৃতীয় দিন শেষে ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ২৯৭ রান।

খুলনার ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। ১৬৬ রানে পিছিয়ে থাকা ঢাকা মেট্রোকে ফলো অন করান খুলনার অধিনায়ক নুরুল হাসান।

মাহিদুল অপরাজিত ৯৯

হুট করেই জাতীয় দলে ডাক পাওয়ায় জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগে ফিরেই দলের বিপদে হাল ধরলেন। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে তিনি ৯৯ রানে অপরাজিত আছেন। ঢাকা দিন শেষে করেছে ৪ উইকেটে ২৮১ রান। প্রথম ইনিংসে ৩৭১ রান করা চট্টগ্রাম এখনো এগিয়ে ৯০ রানে।

পিছিয়ে বরিশাল

কক্সবাজারে বরিশালকে ২০৫ রানে থামিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৭৫ রান করেছে রাজশাহী। প্রিতম কুমারের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৮০ রান। ৭০ রানে পিছিয়ে থাকা বরিশাল ৩ ওভারে করেছে ১০ রান। দিন শেষে এখনো ৬০ রানে পিছিয়ে আছে বরিশাল।

সিলেটের দরকার আর ১৩৯

এদিকে জমে উঠেছে সিলেট-রংপুর ম্যাচও। প্রথম ইনিংসে ১৫৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নেই। সেখান থেকে রংপুর বিভাগকে টেনে তোলেন তানভীর হায়দার (৭২) ও নবীন ইসলাম (৬৩)। দ্বিতীয় ইনিংসে ২২০ রান করতে পারে দলটি।

তাতে সিলেট বিভাগকে চতুর্থ ইনিংসে ১৯০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আকবর আলীর দল। জবাবে সিলেট তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৫১ রান করে। জয়ের জন্য আরও ১৩৯ রান দরকার সিলেটের, রংপুরের ৮ উইকেট।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত