নিষেধাজ্ঞা শেষেই ইলিশের আনাগোনা, দাম ঊর্ধ্বমুখী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০২:৪৭ এএম

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বরিশালের বাজারে নতুন ইলিশের আগমন শুরু হয়েছে। প্রথম দিনেই বাজারে উঠেছে ছোট সাইজের ইলিশ। গতকাল সোমবার দুপুরে বরিশালের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র, বাংলাবাজার ও রূপাতলী বাজারে এ ইলিশের দেখা পাওয়া যায়। তবে দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী হারুন বলেন, ‘মাছ ধরার বোটগুলো এখনো সাগরে কিংবা নদীতে পূর্ণমাত্রায় মাছ ধরতে যায়নি। অনেকেই মাত্র রওনা দিয়েছে। এই মৌসুমের ইলিশ বাজারে পেতে আরও চার-পাঁচ দিন লাগবে। বর্তমানে বাজারে আসা মাছগুলো বেশিরভাগই কাছাকাছি নদী থেকে এসেছে, আর কিছু আগে ধরা মাছ। প্রচুর ক্রেতা এলেও মাছের সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেশি।’

বাংলাবাজারে মাছ কিনতে আসা ক্রেতা সাবিনা ইয়াসমিন বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে আশা করেছিলাম বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। কিন্তু এখনো মাছের দাম কমেনি, আর বড় সাইজের ইলিশ তো একেবারেই নেই।’

রূপাতলী বাজারের ক্রেতা বেলাল বলেন, ‘বাজারে যে ইলিশ পাওয়া যাচ্ছে, তার মধ্যে ছোট সাইজই বেশি। দু-একটি বড় ইলিশ দেখা গেলেও তার চেহারা দেখে বোঝা পুরনো মাছ। নিষেধাজ্ঞা শেষে বাজারে নিয়ে আসা হয়েছে, কিন্তু নতুন মাছের সরবরাহ বাড়ার অপেক্ষায় আছি। তাই আজ অন্য মাছ কিনে নিয়ে যাচ্ছি।’

ব্যবসায়ীরা জানান, গতকাল সোমবার ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১২-১৪ হাজার টাকা মণ, জাটকা ৯-১০ হাজার টাকা এবং কেজি সাইজের ইলিশ ৬৪ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘বাজারে এখন বড় ইলিশের পরিমাণ খুবই কম, ছোট সাইজের মাছ বেশি দেখা যাচ্ছে। এর থেকে বোঝা যায় যে, নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ প্রচুর ডিম ছেড়েছে।’   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত