বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, কোনওরকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন দিতে চান। কারণ দেশের পরিস্থিতি কিন্তু ঘোলাটে, আমার ধারণা- এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, আজকের এই সরকার জাতিকে আশার আলো দেখাবে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করবেন না, যাতে জাতি আপনার প্রতি বিশ্বাস হারায়। সরকার সংস্কারের কথা বললেও, এর কোনো লাইন দেখতেছি না। নির্বাচন নিয়ে কোনো কথা বলে না!
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, কোনোরকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান, কবে নির্বাচন দিতে চান। জাতি জানতে চায়, জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে দেবেন, আর জাতি বসে বসে তামাশা দেখবে? এটা ভাবার কোনো কারণ নাই।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।
শেষ নির্বাচনী বক্তৃতায় যে বার্তা দিলেন ট্রাম্প-কমলা
ট্রাম্প-হ্যারিস: কার জয়ে বাংলাদেশে কেমন প্রভাব?