ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের আত্মহত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁসি লাগিয়ে নুরুল ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন। সোমবার (৪ নভেম্বর) রাতে তিনি রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

মঙ্গলবার সকালে খবর পেয়ে সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক নূরুল ইসলাম উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভালুকা উপজেলার কৈয়াদী গ্রামের আমজাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৭ আগস্ট  তার পদত্যাগ ও বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।

দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, সহকারী শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে প্রথম পর্যায়ের তদন্ত হলেও রিপোর্ট প্রকাশ হয়নি। আজ মঙ্গলবার পুনরায় তদন্ত হওয়ার কথা ছিল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা সম্মানের ভয়ে আত্মহত্যা করেছেন। তবে জেনেছি তার বিরুদ্ধে একটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছিল। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত