প্রেসিডেন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে রাশিয়ার বিরুদ্ধে ‘হস্তক্ষেপ’ চেষ্টার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় তিন মার্কিন গোয়েন্দা সংস্থা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই) এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) যৌথ বিবৃতিতে এমন দাবি করেছে বলে জানায় বিবিসি।
নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টাকারী বিদেশি প্রতিপক্ষগুলোর মধ্যে ‘সবচেয়ে সক্রিয় হুমকি’ হিসেবে রাশিয়াকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
লিখিত বিবৃতিতে বলা হয়, ‘শুক্রবার আমাদের বিবৃতির পর থেকে গোয়েন্দা সংস্থা (আইসি) বিদেশি প্রতিপক্ষদের, বিশেষ করে রাশিয়াকে পর্যবেক্ষণ করছে। যারা মার্কিন নির্বাচনের প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এবং আমেরিকানদের মধ্যে বিভক্তি উসকে দেওয়ার উদ্দেশ্যে প্রভাব বিস্তারে চেষ্টা করছে।
বিবৃতিতে ইরানকে হুমকি হিসেবে আখ্যায়িত করে বলা হয়, গোয়েন্দাদের ধারণা- নির্বাচনের দিন এবং আগামী সপ্তাহগুলোতে এই তৎপরতা আরও জোরদার হবে এবং দোদুল্যমান রাজ্যগুলোতে তারা এ চেষ্টা বেশি করবে।
এই প্রভাব বিস্তারের অংশ হিসেবে নিবন্ধ ও ভুয়া ভিডিও তৈরি করে সাইবার আক্রমণের মাধ্যমে নির্বাচনে জালিয়াতির পরিকল্পনা করা হচ্ছে। অ্যারিজোনায় নির্বাচনি জালিয়াতি নিয়ে একটি ভুয়া সাক্ষাত্কারের বিষয়টি উল্লেখ করে গোয়েন্দা সংস্থাগুলো।
প্রসঙ্গত, শুরু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্মন্টে ঘড়ির কাঁটা ভোর ৫টা অতিক্রম করার পর ভোট গ্রহণ শুরু হয়।
ট্রাম্প ফ্লোরিডায়, কমলা ওয়াশিংটনে
ট্রাম্প জিতলে কি করবে ইউরোপীয় ইউনিয়ন?