যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিনের সংঘাতের জেরে বিশ্বাসে ফাঁটল ধরায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অভ্যন্তরীণ রাজনীতি এবং যুদ্ধ ইস্যুতে দিন দিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন গ্যালান্ট। খবর টাইমস অব ইসরায়েল।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, "গত কয়েক মাসে আমাদের বিশ্বাসে ফাটল ধরেছে। এই প্রেক্ষাপটে আমি আজ প্রতিরক্ষামন্ত্রীর মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।"
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে মতভেদ "অস্বাভাবিকভাবে" প্রকাশ্যে এসেছে এবং এটি "আমাদের শত্রুদের কাছে আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এর থেকে উল্লেখযোগ্য সুবিধা লাভ করেছে।"
এছাড়া মঙ্গলবার ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যায় এক রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, আমার ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বিশ্বাস ভেঙে গেছে।
বরখাস্তের কিছুক্ষণ পরেই গ্যালান্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে বলেন, "ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সব সময় আমার জীবনের মিশন হিসেবে থাকবে।"
পরবর্তীতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেন ইয়োভ গ্যালান্ট। সম্মেলনে তিনি বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারকে চাপ দেওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া আগামী বছরগুলোতে ইসরায়েল জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলেও জানান তিনি। এ সময় গাজায় জিম্মিদের বিষয়ে চুক্তিতে সম্মত হতে ইসরায়েলি সরকারকে জোরালোভাবে ইঙ্গিত দেন গ্যালান্ট।
তিনি বলেন, “জিম্মিদের মধ্যে যে মারা যায় তাকে আর ফেরানো যায় না। জিম্মিদের পরিত্যাগ করার প্রায়শ্চিত্ত নেই এবং হবে না।“
সম্মেলনে যে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত করার আহ্বান জানান গ্যালান্ট। এ সময় কিছুক্ষণ চুপ থেকে গ্যালান্ট বলেন, ইসরায়েলের নিরাপত্তাই তার জীবনের লক্ষ্য।
যুদ্ধে নিহত অবসরপ্রাপ্ত নৌ-কমান্ডো এবং জেনারেল, জিম্মি এবং তাদের পরিবারের প্রতি স্যালুট দিয়ে তার বক্তব্য শেষ করেন গ্যালান্ট। তবে পুরো বক্তব্য জুড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা উল্লেখ করেননি তিনি।
