মার্কিন কংগ্রেসে প্রথম ট্রান্সজেন্ডার সদস্য সারাহ

  • প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত সারাহ ম্যাকব্রাইড
  • তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কংগ্রেসের আসনে জয়লাভ করেছেন
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:২০ পিএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে পার্লামেন্ট ও গভর্নর নির্বাচন। ইতিমধ্যে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সারাহ ম্যাকব্রাইড।

তিনি ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কংগ্রেসের আসনে জয়লাভ করেছেন। আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

৩৪ বছর বয়সি ম্যাকব্রাইড ২০২০ সালে ডেলাওয়্যার স্টেট সিনেটে নির্বাচিত হয়ে প্রথম ট্রান্সজেন্ডার সিনেটর হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন, এখন আবার এক নতুন মাইলফলক সৃষ্টি করেছেন মার্কিন রাজনীতিতে।

ম্যাকব্রাইড ২০১৬ সালে প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্কিন জাতীয় রাজনৈতিক দলীয় কনভেনশনে বক্তব্য রেখেছিলেন এবং ২০১২ সালে বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউসে ইন্টার্নশিপ করেছিলেন।

২০২৩ সালে ৩৭টি রাজ্যে ট্রান্সজেন্ডার এবং লিঙ্গের বহুত্ববাদী মানুষের জন্য লিঙ্গ-অনুকূল স্বাস্থ্যসেবা সীমিত করার জন্য ১৪২টি আইন পেশ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি। কংগ্রেসে রিপাবলিকানরা বহু বছর ধরে ট্রান্স-বিরোধীতা করে আসছে।

ম্যাকব্রাইড উইলমিংটন, ডেলাওয়্যারে বড় হয়ে ২০১১ সালে প্রথম নিজের ট্রান্স পরিচয় প্রকাশ করেন। তিনি রাজনীতিতে আসেন সমানাধিকার ও অন্তর্ভুক্তি তৈরির উদ্দেশ্যে।

সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে সারাহ বলেন, 'ডেলাওয়্যার একটি জোরালো ও স্পষ্ট বার্তা দিয়েছে। আমাদেরকে এমন একটি দেশ হতে হবে যেখানে প্রজননের স্বাধীনতা রয়েছে, এবং একইসঙ্গে এটি এমন একটি গণতন্ত্র, যেখানে সব ধরনের মানুষের জন্য জায়গা রয়েছে।'

সারাহ এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সিবিএসকে বলেন, বিজয়ী হলে তিনি 'শিশু লালন পালনের খরচ কমাবেন, চাকুরিতে পারিবারিক ও চিকিৎসার কারণে পেইড লিভের ব্যবস্থা করবেন এবং সার্বিকভাবে আবাসন ও স্বাস্থ্যসেবা খাতের খরচ কমাবেন।'

মার্কিন নির্বাচনে ট্রান্সজেন্ডার পরিচয়ের মানুষের অংশগ্রহণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ডেমোক্র্যাটরা ট্রান্সজেন্ডারদের অধিকারের প্রতি সমর্থন জানালেও রিপাবলিকানরা এ বিষয়টির নিন্দা জানিয়েছেন।

এ বিষয়টি নিয়ে দুই প্রার্থী কমলা ও ট্রাম্পের মধ্যেও বিতর্ক হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত