মেমন হাসপাতালে হবে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল: মেয়র শাহাদাত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:৫২ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় লোকবল দিয়ে সেখানে স্বল্প মূল্যে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় মেমন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে যান তিনি। মেয়র হিসেবে এটি তাঁর প্রথম কোন প্রতিষ্ঠান পরিদর্শন। মঙ্গলবার (৫ নবেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন রাজনীতিবিদ ও চিকিৎসক শাহাদাত হোসেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেমন মাতৃসদন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তোলা হবে। বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় লোকবল দিয়ে স্বল্প মূল্যে ডেঙ্গু রোগীদের রক্তপরীক্ষা ও চিকিৎসা দেয়া হবে। এছাড়া মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তাঘাট পরিদর্শন করব আমি।

তিনি বলেন, মশা মারতে এখন যেসব ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোও আমি যাচাই করব সেগুলো আসলে কাজ করছে কী না। প্রয়োজনে মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তি ব্যবহার করব।

ডা. শাহাদাত বলেন, এক সময় নারী ও নবজাতক শিশুদের সেবায় মেমন হাসপাতালের চট্টগ্রামে আলাদা সুনাম ছিল। এখানে এসে চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলে বুঝলাম হাসপাতালে যন্ত্রপাতির ঘাটতি আছে। এই যন্ত্রপাতি গুলো সংগ্রহ করে এবং প্রয়োজনীয় লোকবল দিয়ে মেমন হাসপাতালকে ঢেলে সাজানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত