ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা লেদু গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ফার্নিচার দোকানের কর্মচারী মো. ফারুক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আবদুল নবী লেদুকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

লেদু চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। এছাড়া বায়েজিদ বোস্তামি থানা আওয়ামী লীগের সহসভাপতি তিনি। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

র‌্যাব-৭ জানিয়েছে, গত ১৬ জুলাই দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের পাঁচলাইশ মডেল থানার মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের বিপরীত পাশে জুমাইরা বিল্ডিং এর সামনে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রায় ২০০০ শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এলোপাথাড়ি বোমা বিস্ফোরণসহ দা-কিরিচ, লোহার রড, চাপাতি দিয়ে আঘাত, শর্টগান এবং পিস্তল দিয়ে গুলি চালিয়ে বহু ছাত্র জনতাকে আহত করে।

এ সময় মো. ফারুক তার কর্মস্থল থেকে বহদ্দারহাটে ভাত খাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মুরাদপুর পৌঁছালে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে বুকে, পেটে ও পায়ে গুলিবিদ্ধ হয়। আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফারুকের বাবা মো. দুলাল বাদি হয়ে নগরের পাঁচলাইশ থানায় ২৬৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, পাঁচলাইশ থানার মো. ফারুক হত্যা মামলার আসামি আবদুল নবী লেদুকে গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গ্রেপ্তার করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত