কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২ 

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম

কুমিল্লায় পিকআপ ভ্যানে গোপন প্রকোষ্ঠ বানিয়ে ৪০ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার তৈলকুপি এলাকায় তাদের আটক করা হয়। এ সময় পিকআপটি জব্দ করা হয়।

আটকরা হলেন, কুমিল্লা বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে হৃদয় (১৯) ও  মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোহসীন (৫৮)। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-১১ সিপিসি-২ কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করত। তাদের কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত