যমুনা নদীতে নাব্য সংকটের কারণে বন্ধ রয়েছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টা থেকে এই পথের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ও কাজিরহাট প্রান্তে পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলেছে।
আরিচা ফেরিঘাটে অপেক্ষমাণ চালকদের অভিযোগ, দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার ফলে পণ্য পরিবহনে তাদের বেশ সমস্যা হচ্ছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, নদীতে পানি কমে যাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
