'সিনিয়ররা সব সময় খেলবেন না, আমাদের দায়িত্ব নিতে হবে'

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০১:২২ এএম

আফগানিস্তানের বিপক্ষে অবশেষে জয় পেল বাংলাদেশ দল। শারজাতে খেলা এর আগে সব ওয়ানডে ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে শনিবার বাংলাদেশ জিতল ৬৮ রানে।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ধ্বস হলেও দ্বিতীয় ম্যাচে একই ভুল করেনি নাজমুল হোসেন শান্তর দল। ব্যাট হাতে অধিনায়ক শান্ত ৭৬ রান করেন। সঙ্গে জাকের আলী অনিকের ৩৭ রানে ভর করে ২৫২ রান তোলে বাংলাদেশ।

পরে সংবাদ সম্মেলনে জয় নিয়ে শান্ত বলেন, 'কঠিন ছিল যেভাবে আমরা খেলছিলাম টেস্ট, টি-টোয়েন্টি, আগের ওয়ানডে তবে সবার বিশ্বাস ছিল আমরা ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারি। খুশি যে আগের দিন আমরা যে কমিটমেন্ট করেছি সবাই প্রসেসটা ফলো করেছে।'

নাসুম প্রথম ম্যাচে দলের সঙ্গে ছিলেন না। ভিসা জটিলতায় তিনি দলের সঙ্গে পরে যোগ দেন। নাসুম ম্যাচে ব্যাট হাতে ২৫ রান করেন এবং বল হাতে ২৮ রানে ৩ উইকেট নেন।

নাসুমের মানিয়ে নেয়া নিয়ে শান্ত বলেন, 'নাসুম এর আগেও এই ড্রেসিং রুমে ছিল খেলোয়াড়দের মানিয়ে নিতে কষ্ট হয়নি। ও ব্যাট, বল হাতে খুবই ভালো করেছে। আমি আশা করবো পরের ম্যাচেও এমন ভালো করবে।'

২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ সাকিব-তামিম-মুশফিককে ছাড়া কোনো ওয়ানডে খেলতে নামে। অর্থাৎ এই তিন সিনিয়র খেলোয়াড়ের কেউই ছিল না ম্যাচে। তামিম-সাকিব এই সিরিজের দলে নেই। মুশফিকের ইনজুরি।

সিনিয়র খেলোয়াড় না থাকার বিষয়ে শান্ত বলেন, 'আস্তে আস্তে এখন আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কারণ সব সময় তারা খেলবেন না। তারা যতদিন আমাদের ড্রেসিং রুমে থাকবেন এটা বাড়তি একটা হেল্প হয়ই। কারণ (তাদের) অনেক অভিজ্ঞতা। তার মানে এই নয় আমাদের সব সময় তাদেরকে নিয়েই চিন্তা করতে হবে। সময় হচ্ছে আমরা যারা আছি ওইভাবে দায়িত্বটা নেওয়ার।'

সিরিজের পরের ম্যাচ ১১ তারিখ, একই মাঠে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত