জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তিসহ তিন দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
দাবিগুলো হলো, সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদসহ ১৪, ১৫ ও ১৭ জুলাই আন্দোলনকারীদের ওপর হামলায় প্রত্যক্ষ পরোক্ষ জড়িত সব শিক্ষককে তদন্ত চলাকালে সব কার্যক্রম থেকে অব্যাহতি দিতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ও জুলাই গণহত্যায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ ও হলে পুনর্বাসনের বিরুদ্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, হামলাকারীদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রাস্তায় নামতে বাধ্য করেছে এই প্রশাসন। অতিদ্রুত আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, না হলে আপনাদেরও টেনে নামানো হবে।’
নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং এই শিক্ষকদের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেন।’
