শরীয়তপুরে রাস্তার পাশ থেকে উদ্ধার ১২৩ ককটেল করা হলো নিষ্ক্রিয়

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:১১ পিএম

শরীয়তপুরের ডামুড্যাতে সড়কের পাশে ১০ ব্যাগে ১২৩টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করলো ডিএমপি পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উদ্ধারকৃত ককটেলগুলো একটি খোলা মাঠে নিষ্ক্রিয় করা হয়। 

এর আগে সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০ টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় দুটি ব্যাগের ভেতরে বেশ কিছু ককটেল বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে সন্ধ্যায় ঢাকা ডিএমপি পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

ভেদরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান বলেন, কিছু দুষ্কৃতকারী রাস্তার পাশের ঝোপঝাড়ে ককটেল ভর্তি দশটি ব্যাগ রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে আসে। পরে এলাকাটা নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়। পরে ঢাকা ডিএমপি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিস্পোজাল ইউনিট এসে ব্যাগগুলো উদ্ধার করে এবং ব্যাগের মধ্যে ১২৩টি ককটেল পাওয়া যায়। পরে ৩০০ গজ দুরে বোম ডিস্পোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। দুষ্কৃতকারীরা কী উদ্দেশ্যে ককটেলগুলো ফেলে গেছে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত