পবিত্র রমজান মাস সামনে রেখে আটটি পণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এই পণ্যগুলো হলো চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি লেনদেন সহজ করতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত বিলম্বিত অর্থ প্রদানের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে। কারণ, রমজানের আগে এসব পণ্যের চাহিদা বাড়ে।
বাংলাদেশে গত দুই বছর উচ্চ মূল্যস্ফীতির খড়গ যাচ্ছে। ২০২২ সালের আগস্ট মাসের পর থেকে কখনোই মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামেনি। অধিকাংশ সময়ই মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি ছিল। গত অক্টোবরেও দেশের মূল্যস্ফীতি প্রায় ১১ শতাংশের কাছাকাছি। খাদ্যে মূল্যস্ফীতি আরও বেশি ১২ দশমিক ৬৬ শতাংশ। প্রতিবছর রমজানের আগেই পণ্যের সরবরাহ সংকট দেখা দেয়। জোগান কম থাকার অজুহাতে দেশের পণ্যমূল্য বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। সে লক্ষ্যেই এবার বেশিরভাগ পণ্যেই আমদানি সুবিধা দিয়ে আসছে সরকার।
এর আগে গত ৬ নভেম্বর পণ্য আমদানির ক্ষেত্রে আগে ১০০ শতাংশ মার্জিন বা জামানত মূল্য রাখার নির্দেশ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এখন সেই মার্জিন নির্ধারণ হবে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় ওই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুরের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ বাজারে উল্লিখিত পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে পরামর্শ দেওয়া হলো। এই নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
সংশ্লিষ্টদের মতে, এলসি মার্জিন শিথিল করার কারণে আমদানিকারকদের নগদ টাকা কম লাগবে। এতে আমদানি খরচও কম হবে। ফলে এ সুবিধার কারণে বাজারে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। ডলারসংকটে সাম্প্রতিক সময়ে এসব পণ্যের এলসি খোলা বাধাগ্রস্ত হয়েছে। ফলে ডাল, ভোজ্য তেল, ছোলা, খেজুর, বিভিন্ন ফলের এলসি খুলতে সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। এমনিতেই দেশের সার্বিক আমদানি কমে গেছে। কিন্তু আগামী রোজায় প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৩১ অক্টোবর সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে রমজানের প্রয়োজনীয় পণ্য কেনার অনুমোদন দেওয়া হয়। আসছে রমজান মাসে অত্যাবশ্যকীয় পণ্যের ঘাটতি যেন না হয়, সেজন্য সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। এজন্য চিনি, ছোলা ও সয়াবিন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে ৯০ হাজার টন ইউরিয়া সার ও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন হয়। ওই সময় তৎকালীন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই পণ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলোর আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। রোজার সময় ছোলা ও সয়াবিনের চাহিদা বেড়ে যাবে, সেই চিন্তা থেকেই সরকার আগেভাগে আমদানির অনুমতি দিয়েছে। চিনি, ছোলা ও সয়াবিন আমদানি করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শিগগিরই খেজুর আমদানির বিষয়ে সিদ্ধান্ত হবে। সার্বিকভাবে আর্থিক দুরবস্থা থাকলেও সরকার কোনোভাবেই চায় না সাধারণ মানুষের কষ্ট হোক; সেজন্য এই সিদ্ধান্ত।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে পাঁচ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি ১২০ টাকা ৯২ পয়সা দরে মোট ৬০ কোটি ৪৬ লাখ টাকায় এই চিনি কেনা হবে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন ছোলা কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। প্রতি কেজি ১০৭ টাকা ৩৯ পয়সা দরে মোট ১০১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকায় এই ছোলা কেনা হবে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৬৩ টাকা ১৫ পয়সা দরে ৩২ লাখ ৬০ হাজার লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। মোট ব্যয় হবে ৫৩ কোটি ১৮ লাখ ৬৫৯ হাজার টাকা।
