বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতন হয়েছে। এটা আন্দোলনের প্রথম ধাপ। এখন বাংলাদেশের মানুষের অধিকারের আন্দোলনের পরবর্তী ধাপ জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়া।’
গতকাল সোমবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব আয়োজিত জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠানে মঈন খান এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘শুধুমাত্র বন্দুকের জোরে ১৫টি বছর সবাইকে দমিয়ে রেখেছিল স্বৈরশাসক হাসিনা। এখন এই তরুণ প্রজন্মের দেখানো পথেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এটাই আজকে আমাদের লক্ষ্য।।’ ড্যাব সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ড্যাব মহাসচিব আবদুস সালাম, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী, চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা প্রমুখ বক্তব্য রাখেন।
