কিশোরগঞ্জে জাকের পার্টির মহাসচিব

রেমিট্যান্স যোদ্ধাদের ভোটের আওতায় আনতে হবে

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাতি এমন একটি জাতীয় সংসদ নির্বাচন চায় যেখানে সবাই নির্বিঘ্নে, স্বতঃস্ফূর্ত ও মুক্তভাবে ভোট দিতে পারবে। তাই সংসদ নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। সংখ্যানুপাতিক প্রক্রিয়ায় যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বড় দুটি দলের বাইরে একটি বিকল্প অংশগ্রহণমূলক সংসদীয় ব্যবস্থা সৃষ্টি হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভায় তার এসব কথা জানানো হয়। শহরের প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জাকের পার্টি সভাপতি আ. হাকিম।

শামীম হায়দার বলেন, বিচারিক কাঠামোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। একটি বিষয় লক্ষ্যণীয়, তৈরি পোশাক শিল্প খাতের পাশাপাশি যারা প্রবাসী, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত আয় বাংলাদেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের এবার মূল্যায়ন করতে হবে। রেমিট্যান্স যোদ্ধাদের ভোটের আওতায় আনতে হবে।

ই-ভোটিং প্রবর্তন করার কথা জানিয়ে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে ই-ভোটিংয়ের সাথে ব্লক চেইন টেকনোলজি প্রয়োগ করতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা রহিমা সিদ্দিকা রিপু, ময়মনসিংহ বিভাগ সভানেত্রী শিরিন রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত