দাউদকান্দিতে যুবককে হত্যা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:২৩ এএম

কুমিল্লার দাউদকান্দিতে সুমন (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমন পাশের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে। দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক মো. সরোয়ার হোসেন জানান, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি গায়ের শার্ট দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে গলায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত সুমনের বোন পারভীন ও ইয়াসমিন বলেন, এ মাসে সুমনের সৌদি আরব যাওয়ার সব কাগজপত্র তৈরি ছিল। সে কখনো ফাঁসি দিতে পারে না। তাকে কেউ না কেউ মেরে ফেলছে।

নিহতের স্ত্রী লাকি আক্তার বলেন, ‘আমার স্বামী ফাঁসি দিতে পারে না। তাকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রেখেছে।’ দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত