ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাইয়ুম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। কার্যতালিকায় আসলে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে দেশ রূপান্তরকে জানান আইনজীবী আব্দুল কাইয়ুম।
আবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিটি অসম, অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী। চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। এতে আদানি গ্রুপের সম্মতি না থাকলে চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর রিটকারী আইনজীবী বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ সচিব ও পিডিবির চেয়ারম্যান বরাবর এ বিষয়ে আইনি নোটিস দিয়েছিলেন। নোটিসে তিন দিনের মধ্যে চুক্তি সংশোধন প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছিলেন তিনি। নোটিস অনুযায়ী কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ রিট আবেদনটি করেন তিনি।
ব্যারিস্টার আব্দুল কাইয়ুম দেশ রূপান্তরকে বলেন, ‘আদানির সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, বিশেষজ্ঞ মহল থেকে বলা হচ্ছে যে, এটা অন্যায্য, একপক্ষীয় ও অসম এবং চুক্তিটি বাংলাদেশের স্বার্থের প্রতিকূলে হয়েছে।’
