চালের দাম কবে কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

বাজারে আমন ধান এলে চালের দাম কমবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি দেড় লাখ টন ধান ও গম আমদানি করা হবে। সে হিসেবে বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

খাদ্য উপদেষ্টা জানান, বর্তমান সরকার খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে। এবার আমনের দাম কেজি প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

ধান-চালের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামসহ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে ৩৩ টাকা দরে সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে সাড়ে ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া ৪৬ টাকা দরে এক লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে।  ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল আর আতপ চাল ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত