আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে প্রমাণ করেছেন তিনি অপরাধী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ছাত্র-জনতার গণ বিস্ফোরণের মুখে তাকে এমনভাবে পালিয়ে যেতে হয়েছিল যে তিনি দুপুরের খাবার খাওয়ারও সুযোগ পাননি। বিচারের জন্য শেখ হাসিনাকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় খুলনা মহানগরীর শিল্পাঞ্চল খালিশপুরস্থ বিআইডিসি রোডে অবস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের সামনে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২শ’র বেশী মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে মিথ্যা বিচার দিয়ে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন। সেই ট্রাইব্যুনালে আপনাদের বিচার হবে।
তিনি আরও বলেন, আপনারা তো মাওলানা নিজামী, আল্লামা সাঈদী ও মুজাহিদদের বিচার করতে গিয়ে মিথ্যা গাল-গল্প, মিথ্যা এজাহার, মিথ্যা স্বাক্ষী, মিথ্যা বাদী, মিথ্যা বিচারক বানিয়ে আপনারা ফাঁসি দিয়েছিলেন। শেখ হাসিনার ফাঁসি দিতে মিথ্যা লাগবে না। সত্য ঘটনা দিয়ে শতবার তাকে ফাঁসি দেওয়া যাবে ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েই প্রমাণ করেছেন, তিনি অপরাধী।’
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের হাতে গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যম কিছুই নিরাপদ নয়। যে কারণে ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে এমনভাবে পালিয়ে যেতে হয়েছিল।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত পনের বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন চালিয়েছিল ফ্যাসিবাদী সরকার। খালিশপুরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস জ্বালিয়ে দিয়ে প্রমাণ করেছে আওয়ামী লীগের কাছে এদেশের কোনো মানুষই নিরাপদ নয়। সর্বশেষ জামায়াত-শিবির নিষিদ্ধ করে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়েছেন। দেশত্যাগে বাধ্য হয়েছেন। সুতরাং আল্লাহর ইচ্ছার ওপর কারও ইচ্ছা যে পূরণ হয় না সেটিই এর বড় প্রমাণ।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, যেখানকার মাল সেখানেই চলে গেছেন। এখন মানবাতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইন্টারপোলে ওয়ারেন্ট জারী করা হয়েছে। শেখ হাসিনা খুব সাবধানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কোথায় থাকবেন, কি করবেন। ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, এখন পালিয়ে বেড়াচ্ছেন কেন?
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বিদেশীদের কাছে শেখ হাসিনা ‘খাবিসা’ তথা খারাপ মহিলা হিসেবেই পরিচিত। রাষ্ট্রায়ত্ত পাটকলসহ দেশের মিল কল-কারখানা বন্ধ করে দিয়ে শেখ হাসিনা শ্রমজীবী মানুষের সাথেও প্রতারণা করেছেন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীণ সরকারের কাছে মিলগুলো চালু করে আবারও খালিশপুর শিল্পাঞ্চলের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার দাবি জানান।
কোনো মোড়কেই জঙ্গিবাদকে সুযোগ দিতে পারি না: আসিফ নজরুল
সোনাগাজীতে নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আওয়ামী লীগের বিপরীত কাজ করবে বিএনপি: আমিনুল হক