সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হন। ওই কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদের বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, ‘কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে (গতকাল) আমাদের শান্তিপূর্ণ সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব।’
সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
